চাঁবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক লোকমান হোসেন প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক লোকমান হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটবে, সেই সময়সীমা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিদ্দিকীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। SHARES শিক্ষা বিষয়: উপ-উপাচার্যচাঁবিপ্রবিনিয়োগমোহাম্মদ লোকমান হোসেনশিক্ষা মন্ত্রণালয়