জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: প্রধানমন্ত্রী প্রকাশিত: 2:31 PM, August 5, 2026 ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে নিশ্চিত করা হবে। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এবং সে কারণেই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন অথবা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে নিজ নিজ এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রচারের মাধ্যম হবে না। তিনি স্পষ্ট করেন যে, ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এর প্রকৃত মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই। একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকেও জনগণ চিরকাল মনে রাখবে। SHARES জাতীয় বিষয়: জুলাই গণঅভ্যুত্থানতারেক-রহমানপ্রধানমন্ত্রীফ্যাসিবাদবিরোধী আন্দোলনবিচার