দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। যদি কেউ এমনটি করেন, তবে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

আগামী ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট প্রদান করবেন। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত রয়েছে। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন, তখন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে তিনি জানান।

বিএনপির প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করলে এ বিষয়ে সবাই জানতে পারবেন। এছাড়া মনোনয়ন ফরম দাখিলের সময়ও এ তথ্য সবার সামনে আসবে।