কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়নখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। তীব্র ব্যথায় শিশুটি জেগে উঠলে স্বজনরা দ্রুত তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিজয় রায়। এর আগে গত শুক্রবার রাতে তিনি এলাকায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। বাড়ি ফেরার পর তিনি ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: কিশোরগঞ্জদুর্ঘটনানীলফামারীমৃত্যুসাপের কামড়