জ্বালানি সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বর্তমানে যে সমস্যা চলছে, তা ছয় মাস বা এক বছরে সমাধান করা সম্ভব নয়। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতেও দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন হবে। তাই জ্বালানি খাতের এই সংকট থেকে উত্তরণের জন্য আগামী দুই বছর সবাইকে সাবধান থাকতে হবে। অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল সভাপতিত্ব করেন। সেখানে উপস্থিত ব্যবসায়ীরা জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অর্থমন্ত্রী ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। তবে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল, যা এখন পুনরায় শুরু করা হয়েছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর কাজ চলছে। তিনি আরও জানান, জ্বালানির চাহিদা ও প্রয়োজনীয়তা নির্ধারণের কাজ চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি নীতি প্রকাশ করা হবে। রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, নীতি ও বাস্তবায়ন বিভাগকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে করারোপের লক্ষ্যে একটি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই খাতে মূলধনের ব্যাপক ঘাটতি রয়েছে, যা সরকারের পক্ষে এককভাবে পূরণ করা সম্ভব নয়। খেলাপি ঋণের হারও অনেক বেশি। ফলে ব্যাংক খাতের উন্নয়নে অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করা জরুরি। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। SHARES জাতীয় বিষয়: অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরীগ্যাসজ্বালানিবিদ্যুৎ