ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম: সাদিকুর রহমান খান

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—সরকারের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

সাদিকুর রহমান খান তার পোস্টে উল্লেখ করেন, ভারতের মুখের উপর এমন জবাব কোনো প্রধানমন্ত্রীকে দিতে দেখার অভিজ্ঞতা এটিই প্রথম। তিনি আরও লেখেন, আজ বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং বাংলাদেশ আজ তার সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা অতীতে করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলার এই সাহসের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

সাদিকুর রহমান খান আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত বা শতমত থাকুক, কিন্তু আওয়ামী লীগ, হাসিনা আর দিল্লির প্রশ্নে এক মুহূর্তের জন্যও আমাদের আলাদা হওয়ার উপায় নেই।

তিনি বলেন, দিল্লি না ঢাকা—এই প্রশ্নের জবাব জুলাইতে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ বুঝি এমন তীব্রই হয়!

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ১৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২২: ২৬