ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য প্রসারে দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) প্রতিনিধিদলটি বাংলাদেশে অবস্থান করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং সিআইআই সূত্রে জানা গেছে, ভারতীয় প্রতিনিধিদলের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। সফর সফল করতে তারা প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু করে দিয়েছে।

এই সফরকালে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের নীতি-নির্ধারক ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে জানা গেছে।

এছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কর্মকর্তাদের সঙ্গেও ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে মূলত বাংলাদেশ ও ভারতের পারস্পরিক ব্যবসা-বাণিজ্য, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।