গণমাধ্যমের কাঠামোগত আধুনিকায়নে তথ্যমন্ত্রীর আহ্বান প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের ব্যাপক বিস্তৃতি সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। গত হাজার বছরের তুলনায় গত ২০-২৫ বছরে ডিজিটাল রূপান্তরের ঘনত্বের কারণে সমাজে অনেক বেশি পরিবর্তন সাধিত হয়েছে। আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ ভাবা হতো, কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে জনগণের স্বতস্ফূর্ত কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে। তিনি আরও বলেন, বিটিভি, রেডিও এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোর মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগের অনেক আগে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং সংশ্লিষ্ট নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণের এই গণআকাঙ্ক্ষাকে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, কার্যকর প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ জরুরি বলে তিনি মন্তব্য করেন। সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতিনির্ধারণী রোডম্যাপ ও তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএসসি সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব, গ্রেড-১)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। SHARES জাতীয় বিষয়: গণঅভ্যুত্থানগণআকাঙ্ক্ষাগণমাধ্যমজহির উদ্দিন স্বপনতথ্যমন্ত্রী