আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল আবেদনটি আইনগতভাবে রক্ষণীয় কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে আপিল বিভাগে এই শুনানি শুরু হয়।

এর আগে গত ১৭ আগস্ট আদালত এই বিষয়ে শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছিলেন। শুনানিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আবুল কালাম আযাদের সাজা স্থগিতের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তিনি বলেন, আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং গত ৫ আগস্টের পর দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। ওই স্থগিতাদেশের ভিত্তিতেই তিনি আপিল বিভাগে দণ্ড চ্যালেঞ্জ করে আপিল দায়ের করেন। প্রসিকিউটর আরও উল্লেখ করেন, ৩০ দিন পার হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় আপিল গ্রহণযোগ্য হওয়ার নজির নেই।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট নির্বাহী বিভাগ আত্মসমর্পণের শর্তে আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড স্থগিত করে। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, মাওলানা আবুল কালাম আযাদ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি।