আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের নির্দেশ রাষ্ট্রপতির প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর হতে হবে, পাশাপাশি শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে তিনি সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং গুজব দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়েরের মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়েও তিনি দিকনির্দেশনা দিয়েছেন। এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আলোচনা শেষে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: আইজিপিআইনশৃঙ্খলাপুলিশমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি