জ্যেষ্ঠতার ভিত্তিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচনের নতুন নিয়ম

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সভায় ব্যাংকের সংঘবিধির ১০৮(১) ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই সংশোধনীর ফলে ব্যাংকটিতে চেয়ারম্যান নির্বাচন–সংক্রান্ত নতুন বিধি কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকের পরিচালকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে সবার চেয়ারম্যান হওয়ার সুযোগ তৈরি হবে।

ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে আয়োজিত এই ডিজিটাল সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুস সালাম এবং পরিচালক খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু ও মীর সাজেদ উল বাসার। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, মো. জাকির আনামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারধারীরা সভায় অংশ নেন।