সাংবাদিকদের গ্রেপ্তার: সাইবার নিরাপত্তা আইনে আসছে বিশেষ সুরক্ষা প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনার অংশ হিসেবে সাংবাদিকদের সুরক্ষায় নতুন এক গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের অন্যায্য হয়রানি ও ভিকটিমাইজেশন থেকে রক্ষা করতে এখন থেকে কাউকে গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত এই আইনের খসড়াটি কেবিনেটে আলোচনার পর বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট আইটি বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ধারাবাহিক আলোচনা চলছে। তিনি বলেন, আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে সংশোধনী আনার জন্য খসড়া রেডি করেছিলাম, সেটা কেবিনেটে আলোচনা হয়েছে। কেবিনেট আলোচনার পর সিদ্ধান্ত দিয়েছে আমরা যেন সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এটা আলোচনা করি এবং যারা সাইবার স্পেসে কাজ করেন, আইটি এক্সপার্ট, তাদের সাথে আমরা কথা বলি। ওয়েবসাইটে অনেকেই মতামত দিয়েছেন, অনেক প্রতিষ্ঠান মতামত দিয়েছে, অনেক মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস বডিজ মতামত দিয়েছে, অনেক শিক্ষার্থী মতামত দিয়েছে, সেটা আমরা কম্পাইল করেছি। তিনি বলেন, আমরা দেশের উল্লেখযোগ্য প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত প্রতিনিধি, সম্পাদক, বিশিষ্ট সাংবাদিকসহ সংবাদপত্রের সংগঠন এবং জার্নালিস্টদের বিভিন্ন অ্যাসোসিয়েশন প্রতিনিধি সবার সাথে একসাথে কথা বলেছি, আজকে দ্বিতীয় বৈঠক। তিনি আরও বলেন, আপনাদের সাথে বৈঠকে, সম্পাদকদের সাথে বৈঠকে গত ১০ তারিখে সিদ্ধান্ত হয়েছিল আপনারা পরবর্তী মিটিংয়ে আপনাদের সুস্পষ্ট মতামত লিখিতভাবে অথবা ওয়েবসাইটে অথবা সরাসরি মিটিংয়ে আমাদের কাছে প্রদান করবেন। অনেকেই বক্তব্যের সাথে বলেছেন যে আপনারা লিখিত মতামতটা দিয়ে যাবেন, আমরা আশা করি পেয়ে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে নতুন করে আমাদের সম্মানিত সবার শ্রদ্ধেয় জনাব মাহফুজ আনাম সাহেব, তিনি প্রস্তাব করেছেন যে, আমরা যেন আরেকটু সময় নিয়ে এই যারা মিডিয়া এবং সাইবার এক্সপার্ট, তাদের সমন্বয়ে একটা মতামত নিই এবং মিডিয়া যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই আইনে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন, সেজন্য এই খসড়ায় ‘সেভিং ক্লজ’ বা সুরক্ষাকবচ রাখার প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনটি যাতে নিপীড়নমূলক না হয়, সেজন্য ওয়েবসাইটের মাধ্যমে সর্বস্তরের মানুষের মতামত নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের মতামতগুলো সংকলন করা হয়েছে এবং সম্পাদক পরিষদের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনে আরও বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ নেওয়া হবে। আপিল নিষ্পত্তির বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকাল যাতে কারও মামলা ঝুলে না থাকে, সেজন্য একটি সময়সীমা যুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি সমন্বয়ের জন্য তথ্য অধিদপ্তরকে (পিআইও) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে তথ্য মন্ত্রণালয়, আইটি মন্ত্রণালয় এবং সংবাদপত্রের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মিলে এই প্রস্তাবগুলো চূড়ান্ত করবেন। আগামী ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে এই রিকমেন্ডেশন বা সুপারিশগুলো পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট সবার সাথে বসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খসড়াটি ক্যাবিনেটে উপস্থাপনের আগেও জনমতের জন্য পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, সংসদে বিলটি উঠলেও কোনো তাড়াহুড়ো করে পাস করা হবে না। আইনটি নিয়ে সংসদে ও সংসদের বাইরে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে বিস্তারিত আলোচনার সুযোগ থাকবে। সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি আইন তৈরি করা, যা সাইবার অপরাধ দমনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে যুবসমাজকে সুরক্ষিত রাখবে। SHARES আইন আদালত বিষয়: আইন ও আদালতসাংবাদিকসাইবার নিরাপত্তা আইনস্বরাষ্ট্রমন্ত্রী