জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ৯৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। প্রতিপক্ষের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ৫৮ বলে ৬৮ রান সংগ্রহ করেন। ৩১ বলে ৩৬ রান করে গুরবাজ বিদায় নিলে এই জুটি ভেঙে যায়। এর পরপরই ৬ রান করে সাজঘরের পথ ধরেন সেদিকুল্লাহ অটল। মাত্র ১২ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে আফগানিস্তান সাময়িক চাপে পড়লে দুটি উইকেটই তুলে নেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নেমান নিয়ামহুরি।

তবে প্রারম্ভিক এই ধাক্কা সামলে দলকে জয়ের একেবারেই কাছে নিয়ে যান ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দল যখন জয় থেকে মাত্র ৮ রান দূরে, তখন ৪৩ রান করে আউট হন রহমত শাহ। তবে এক প্রান্ত আগলে রেখে ইব্রাহিম জাদরান অপরাজিত ৭০ রানের কার্যকর ইনিংস খেলে দলকে বিজয়ী করে মাঠ ছাড়েন।

এর আগে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। পুরো ইনিংসে ৪৩.৩ ওভার বল মোকাবিলা করে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানেই গুটিয়ে যায় তারা।