মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। (প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম)

রোববার (০৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয় ও পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয়।

সিআইডি সদর দপ্তরে হামলার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড় সংলগ্ন উড়ালসড়ক থেকে দুর্বৃত্তরা সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। নিক্ষিপ্ত ককটেলগুলোর একটি কার্যালয়ের সীমানার ভেতরে পড়ে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।