‘ঝামেলার শেষ নেই’ দিবস: জীবনের জটিলতাকে মেনে নেওয়ার দিন আজ প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ মানবজীবন মানেই বিরামহীন ছুটে চলা, আর জীবনের প্রতিটি বাঁকে জড়িয়ে থাকে নানা রকমের ঝুটঝামেলা। এসব ঝামেলার সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হয়। এই কঠিন সত্যকে হাসিমুখে মেনে নেওয়ার এবং একে উৎসবের উপলক্ষ বানানোর দিনই আজ সোমবার (৯ নভেম্বর) পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ (Chaos Never Dies Day) দিবস। জীবনের প্রতি পদে আমরা সাধারণত নির্ঝঞ্ঝাট থাকতে চাই, কিন্তু অপ্রত্যাশিত উত্থান-পতন, অস্বস্তি আর নিত্যনতুন জটিলতা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।’ এই আপ্তবাক্য মেনেই জীবনের জটিলতাগুলোকে সঙ্গী করে হাসিমুখে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় আজকের দিনটি। যদিও এই বিচিত্র দিবসের জন্ম কবে, কোথায় বা কীভাবে হয়েছিল তা জানা যায় না, তবুও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে এটি পালিত হয়। এই দিনটি মূলত আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের অশান্তি আর জটিলতা কখনো নিঃশেষ হওয়ার নয়। তাই এসব নিয়েই আমাদের চলতে হবে। এই ঝামেলাপূর্ণ জীবনে স্বস্তি ফেরাতে প্রাত্যহিক কাজে কিছু পরিবর্তন আনা জরুরি। দিনের শুরুটা হালকা শরীরচর্চা আর এক কাপ ধোঁয়াওঠা গরম চা বা কফির সঙ্গে করা যেতে পারে। এছাড়া হালকা শীতের সকালে নীরব কোনো রাস্তা ধরে শাল মুড়িয়ে হাঁটাহাঁটি করা বা ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে কিছু সময়ের জন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিভাইস থেকে দূরে থাকাও কার্যকর হতে পারে। ‘ঝামেলার শেষ নেই’ দিবস আমাদের শেখায় যে, সব জটিলতার মাঝেও নিজের জন্য কিছু ঝামেলাহীন সময় বের করে নেওয়া সম্ভব। এই ছোট ছোট স্বস্তির মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় যে, এ জীবন আর এই ঝামেলা খুব একটা খারাপ নয়। বরং এই উত্থান-পতনই জীবনকে বৈচিত্র্যময় ও উপভোগ্য করে তোলে। আজকের দিনটি হোক নিজের প্রতি মনোযোগ দেওয়ার, ঝামেলাগুলো সহজভাবে গ্রহণ করার এবং জীবনের বর্তমান মুহূর্তগুলোকে উপভোগ করার দিন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: ইতিবাচকতাজীবনঝামেলার শেষ নেই দিবসবিশ্ব দিবসস্বস্তি