মিরপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ রাজধানীর মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানিয়েছেন, পোস্ট অফিসের সামনে পার্কিং করা অবস্থায় বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ওসি আরও জানান, ঘটনার দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সড়কে বাস পার্কিং না করা এবং বাসের নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছিল। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই আগুনও নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। SHARES অন্যান্য বিষয়: অগ্নিসংযোগপরিবহনপল্লবীফায়ার সার্ভিসমিরপুর