এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘অদ্বিতীয়া’ বৃত্তি পেলেন অদম্য ৫ শিক্ষার্থী প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ প্রতিকূল পরিস্থিতি জয় করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছানো দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তানদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতে প্রদান করা হয় আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও প্রথম আলো ট্রাস্টের যৌথ উদ্যোগের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের টিউশন ফি মওকুফ ও আবাসন সুবিধা সুবিধা দিয়ে থাকে। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্সের সহায়তায় ১০১ জনসহ মোট ১৪৩ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৮৬ জন এরই মধ্যে স্নাতক সম্পন্ন করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। এ বছর মোট ১৫ জন শিক্ষার্থী অদ্বিতীয়া বৃত্তি পেয়েছেন, যাঁদের মধ্য থেকে ৫ জন নারী শিক্ষার্থীর অদম্য সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হলো। চা-বাগানের সবুজ পরিবেশে বেড়ে উঠলেও সেই বাগানকে নিজের সীমানা হতে দেননি প্রথম শিক্ষার্থী। মা চা-শ্রমিক এবং বাবা ক্ষুদ্র দোকানি। মা-বাবার সীমিত আয়েই তিনি ও তাঁর ছোট ভাই পড়াশোনা করেছেন। নারী হয়ে দূরদূরান্তে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিলে সমাজের মানুষের কটু কথা শুনতে হয়েছে। ‘মেয়েকে এত দূরে রেখে কী হবে, সময় ভালো না’—এমন কথায় কষ্ট পেলেও স্বপ্ন হারাননি। মা-বাবার অকৃত্রিম বিশ্বাসকে শক্তি বানিয়ে তিনি আজ এইউডব্লিউতে পড়াশোনা করছেন। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকা, ছোট ভাইয়ের পড়াশোনায় সাহায্য করা এবং চা-বাগানের অন্য মেয়েদের অনুপ্রেরণা হওয়াই তাঁর প্রধান লক্ষ্য। ৭০ পেরোনো অটোরিকশাচালক বাবার দুই মেয়ের একজন দ্বিতীয় শিক্ষার্থী। পরিবারে কোনো ভাই না থাকায় অভাবের সংসারে কখনো হেঁটে কলেজ-স্কুলে গেছেন, কখনো অনাহারে থেকেছেন। কিন্তু শিক্ষকদের ভালোবাসায় থমকে যাননি। Kader স্যার, সাইফুন্নাহার ম্যাম, শিরিন ম্যাম ও ফরিদা ম্যাম তাঁকে প্রায় তিন-চার বছর বিনামূল্যে পড়িয়েছেন। কলেজে ভর্তির টাকা বাবা ধার করে আনেন। প্রথম টার্ম পরীক্ষায় ১ম হওয়ায় শিক্ষকেরা অধ্যক্ষের সঙ্গে কথা বলে প্রথম বর্ষের বেতন মওকুফ করান। না খেয়ে কলেজে গেলে শিউলি ম্যাম নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছেন এবং এইচএসসি পরীক্ষার আগে এক শিক্ষক এক মাসের বাজার করে দেন। সম্পূর্ণ বিনামূল্যে এইউডব্লিউতে পড়ার সুযোগ পেলেও বাবার বয়স, পরিবারের ঋণ ও বাসাভাড়ার দুশ্চিন্তা রয়েছে তাঁর। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চান তিনি। মা-বাবা দুজনই চা-শ্রমিক—এমন একটি পাঁচজনের দরিদ্র পরিবার থেকে এসেছেন তৃতীয় শিক্ষার্থী। শৈশবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় রাতে অন্ধকারে পড়তে হয়েছে, গাড়িভাড়া না থাকায় হেঁটে স্কুলে যেতেন। বাবা বলতেন, প্রয়োজন হলে রক্ত বিক্রি করেও মেয়েকে পড়াবেন। কাকাও পড়াশোনার খরচে হাত বাড়িয়ে দেন। সমাজের মানুষের বাল্যবিবাহের পরামর্শ উপেক্ষা করে বাবা তাঁকে সব সময় পড়াশোনায় উৎসাহ দিয়েছেন। এইউডব্লিউতে ভর্তি হওয়ার পর ব্যক্তিগত খরচের চাপ কমাতে অদ্বিতীয়া বৃত্তি ভূমিকা রাখবে। নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকার পাশাপাশি চা-শ্রমিক পরিবারের মেয়েদের স্বপ্ন দেখার সাহস জোগাতে চান তিনি। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কাজ করতে গিয়ে বাবার বাঁ হাত ভেঙে গেলে পরিবারের দায়িত্ব আসে মায়ের কাঁধে। চতুর্থ শিক্ষার্থীর বড় দাদা অষ্টম শ্রেণির পর পড়ালেখা ছেড়ে মা-বাবার সঙ্গে কাজ শুরু করেন এবং বড় দিদি পোশাক কারখানায় যোগ দিয়ে তাঁর পড়াশোনার খরচ জোগান। হোস্টেলে বড় হওয়া এই শিক্ষার্থীর পরিবারে মায়ের দিনমজুরির আয় দিয়ে দিন চলার মতো পরিস্থিতিও গেছে। একসময় কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত মনে হলেও মা, বাবা, দাদা ও দিদির ত্যাগ ও সহযোগিতায় তিনি আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। পড়াশোনা শেষ করে সমাজ ও পরিবারের কল্যাণে কাজ করতে চান তিনি। পঞ্চম শিক্ষার্থীর বাবা একটি ছোট দোকান চালিয়ে মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করেন, যা দিয়ে সংসার ও ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগানো কঠিন ছিল। বিজ্ঞান বিভাগে পড়ায় বই-খাতা ও প্রাইভেটের খরচের জন্য বন্ধুদের গাইড বইয়ের ছবি তুলে পড়া, ইউটিউব ভিডিও দেখা এবং নিজে টিউশনি করার পথ বেছে নেন তিনি। ২০২৩ সালে এইউডব্লিউ সামার স্কুলে অংশ নেন এবং বাবার জোগাড় করা টাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পূর্ণ বৃত্তি লাভ করেন। অদ্বিতীয়া বৃত্তির অর্থ তাঁর খাতা-কলম ও আনুষঙ্গিক খরচের চাপ কমাবে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার ত্যাগের প্রতিদান দেওয়া এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সংকল্প প্রকাশ করেন তিনি। SHARES লাইফস্টাইল বিষয়: অদ্বিতীয়া বৃত্তিআইডিএলসি ফাইন্যান্সউচ্চশিক্ষাএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেননারী শিক্ষাপ্রথম আলো ট্রাস্ট