হামের ধাক্কায় বাড়ছে নিউমোনিয়া, দেশে দৈনিক প্রাণ হারাচ্ছে ৬০-৭০ শিশু

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের নিউমোনিয়া। চিকিৎসকেরা জানিয়েছেন, হামে আক্রান্ত হওয়া শিশুদের একটি বড় অংশ পরবর্তীতে তীব্র নিউমোনিয়ায় ভুগে মারা যাচ্ছে। প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার কারণে হাম-পরবর্তী শিশুদের ফুসফুসে সহজেই অন্যান্য সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশে হামের বাইরেও প্রতিবছর প্রায় ২৫ হাজার শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়, যা দৈনিক গড়ে ৬০ থেকে ৭০ জনের সমান। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬, যার এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। দিবসটিতে আধুনিক টিকা, উন্নত রোগ নির্ণয় ও চিকিৎসার অগ্রগতিকে কাজে লাগানোর আহ্বান জানানো হলেও দেশে এ রোগের চিকিৎসায় এখনও বড় ধরনের অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়ে গেছে।

চিকিৎসকদের মতে, হাম শিশুর রোগ প্রতিরোধব্যবস্থাকে ব্যাপকভাবে দুর্বল করে ফেলে। আক্রান্ত হওয়ার পর কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কম থাকতে পারে। এই সুযোগে ব্যাকটেরিয়া ও ভাইরাস শ্বাসতন্ত্রে আক্রমণ চালিয়ে নিউমোনিয়া তৈরি করে। মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে ফুসফুসে প্রদাহ হলে তাকে নিউমোনিয়া বলা হয়। হাম হলেই নিউমোনিয়া হবে এমন নয়, তবে এটি শিশুর শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বলে পরবর্তীতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত উচ্চ জ্বর ও ঘন কফযুক্ত কাশি দেখা যায়, অন্যদিকে ভাইরাসজনিত নিউমোনিয়ায় জ্বরের সাথে থাকে সর্দি-কাশি।

পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে নিউমোনিয়াকে চিহ্নিত করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান। তিনি জানান, হাম-পরবর্তী নিউমোনিয়ায় জটিলতা অনেক বেশি থাকে এবং ডায়রিয়াসহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া শিশুর প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই হামে আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ দেওয়া অত্যন্ত জরুরি, যা চোখের ক্ষতি ঠেকানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সচল রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ও যথাযথ চিকিৎসার উপায় জানা থাকলেও দেশের অধিকাংশ শিশু সময়মতো সেই সেবা পাচ্ছে না। বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির দেওয়া তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশই চিকিৎসার বাইরে থেকে যায়। এছাড়া দেশের প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই এবং এক-তৃতীয়াংশ কেন্দ্রে অক্সিজেন সরবরাহের বিকল্প কোনো ব্যবস্থাই গড়ে ওঠেনি। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব প্রকট।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ঈসমাইল উল্লেখ করেন, মফস্বল থেকে আক্রান্ত শিশুকে ঢাকায় স্থানান্তরের পথেই অনেক সময় নষ্ট হয়ে যায়। জ্বর-কাশি হলে অনেক অভিভাবক প্রথমে স্থানীয় ফার্মেসি বা পল্লি চিকিৎসকের পরামর্শ নেন। অবহেলায় রোগীর অবস্থার অবনতি হলে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে শিশুর রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে নিচে নেমে যায়। উপজেলা পর্যায়ে অক্সিজেন সরবরাহ ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে শিশুমৃত্যুর এই হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে নিউমোনিয়ার প্রাদুর্ভাব ও হাসপাতালে রোগীর চাপ বহুগুণ বাড়ে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ বলেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, যক্ষ্মা ও ছত্রাকের কারণে নিউমোনিয়া হতে পারে। সাধারণ সময়ে বহির্বিভাগে দিনে ৪০ থেকে ৫০ জন নিউমোনিয়া রোগী এলেও শীতের সময়ে এই সংখ্যা একশ ছাড়িয়ে যায় এবং দিনে গড়ে ১০ থেকে ১৫ জন ভর্তি হন। হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া জানান, দিনে এক হাজার বহির্বিভাগের রোগীর মধ্যে ৫০ জনেরও বেশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকেন। রোগটি মারাত্মক রূপ নিলে সেপসিস ও পরবর্তীতে ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম’ (এআরডিএস) দেখা দিতে পারে, যা রোগীর জীবনকে চরম ঝুঁকিতে ফেলে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পাঁচ বছরের কম বয়সি শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, অতিরিক্ত ঘনবসতি এবং ঘরে রান্নার ধোঁয়াজনিত বায়ুদূষণ নিউমোনিয়ার সংক্রমণ তরান্বিত করে। শিশুর জ্বর ও কাশির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস গ্রহণের সময় বুকের নিচের অংশ দেবে যাওয়া, অস্বাভাবিক নিস্তেজতা কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া নিউমোনিয়ার মারাত্মক লক্ষণ। পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে নামলে বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। নিউমোনিয়া এড়াতে জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে পিসিভি, হিব, হাম ও পার্টুসিসের টিকা নেওয়া অপরিহার্য। হামের টিকা ৯ ও ১৫ মাস বয়সে দুই ডোজে দিতে হয়, যা ৯৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়। একই সঙ্গে জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মায়ের বুকের দুধ খাওয়ালে শিশুর শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে।