যশোরে আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

যশোর শহরে অবস্থিত সহকারী জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় আদালতপাড়া ও এর আশপাশের এলাকায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর তিনটি বিকট শব্দ শোনার পর তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ধোঁয়া দেখতে পান। ঘটনার পরপরই উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ যশোর শহরকে অস্থিতিশীল করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তারা। নেতাকর্মীরা সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেসক্লাব যশোরের সামনে থাকা সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত