স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দুর্নীতি, বিএইচডব্লিউর প্রতিবেদনে উদ্বেগ

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

দেশের স্বাস্থ্য সেবা খাতে অনিয়ম ও দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং তা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের দালালের দৌরাত্ম্য, শয্যা পেতে অতিরিক্ত অর্থ প্রদান এবং ছাড়পত্র পেতে অনানুষ্ঠানিক ফি গুনতে হচ্ছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের চিকিৎসকদের অনুপস্থিতি, কেনাকাটায় কোটি কোটি টাকার নয়ছয় এবং নিয়োগ ও বদলিতে রাজনৈতিক প্রভাব পরিস্থিতিকে তীব্র সংকটময় করে তুলেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫-২০২৬-এ স্বাস্থ্য ব্যবস্থার এমন সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত এই প্রতিবেদনটি তৈরি করেছেন ১৭ জন গবেষকের একটি দল। বিএইচডব্লিউর আহ্বায়ক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শামস এল আরিফিনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় সার্বিক সহায়তা দিয়েছে সুইডেন দূতাবাস ও সিডা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

গবেষণার তথ্য অনুযায়ী, স্বাস্থ্য খাতে ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের মধ্যে বড় ধরনের কমিশন বাণিজ্য চলছে। রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কিকব্যাক দেওয়া হয়। দেশের কেবল বড় প্রতিষ্ঠানগুলোর হিসাব ধরলেই এই খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হয়, যা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য সেবায় নিয়োজিত জনবলের পদায়ন ও চিকিৎসকদের উপস্থিতিতেও দেখা গেছে বড় ধরনের ঘাটতি। স্বাস্হ্য মন্ত্রণালয়ের ১ লাখ ৮০ হাজারের বেশি পদে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। পাশাপাশি কাগজভিত্তিক নথির ওপর অতি-নির্ভরশীলতাও অনিয়মের সুযোগ বাড়াচ্ছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করার ঘটনা উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। অন্যদিকে, আকস্মিক পরিদর্শনের ভিত্তিতে তৈরি এক গবেষণায় দেখা যায়, প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এমনকি কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি। নিয়মিত বেতন তুললেও কর্মস্থলে অনুপস্থিত থাকা এসব 'ভূতুড়ে চিকিৎসকদের' নিয়ে সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চিকিৎসায় অবহেলার বিচার এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অবহেলার ১৭২টি অভিযোগ জমা পড়লেও ৭৯টি অভিযোগ এখনো অনিষ্পন্ন রয়েছে। মাত্র ২৯টি ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া বিএমডিসির প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে যুক্ত এবং কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও সরকারই শুনে থাকে, যা স্বার্থের সংঘাত ও স্বাধীনতার সীমাবদ্ধতাকে দৃশ্যমান করে।

কেনাকাটা ও সরকারি সরবরাহ ব্যবস্থায় শত শত কোটি টাকার অনিয়মের চিত্র রয়েছে প্রতিবেদনে। কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতি চিহ্নিত হয়েছে, যেখানে কিছু সামগ্রী বাজারমূল্যের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে। একই সঙ্গে ২৮৩ কোটি টাকার চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে গবেষণার প্রধান ড. শামস এল আরিফিন মন্তব্য করেন যে, স্বাস্থ্য খাতের দুর্নীতি কোনো ব্যক্তিবিশেষের অসদাচরণ নয়, এটি দুর্বল সুশাসনের বহিঃপ্রকাশ এবং এখানে জবাবদিহির চেয়ে বিবেচনাধীন ক্ষমতা বেশি কাজ করে। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য আনা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন।

অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সেবা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো নাগরিক ও রাষ্ট্রের সামাজিক চুক্তিকে শক্তিশালী করে বলে শক্তিশালী প্রতিষ্ঠান গঠন জরুরি। জনস্বাস্থ্যবিদ ড. হালিদা হানুম আখতার জোর দিয়ে বলেন, হাসপাতালে দুর্নীতি প্রবেশ করলে তা শুধু খাতা-কলমে সীমাবদ্ধ থাকে না, রোগীর জীবনকে বিপর্যস্ত করে এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই এই দুর্নীতি বন্ধে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।

পরীক্ষার ফির ২০-৫০ শতাংশ কমিশন : স্বাস্থ্য খাতের আরেকটি বড় সমস্যা কমিশন ও কিকব্যাক বাণিজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে বলে জানা গেছে। শুধু বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হয়। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।