শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমান সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে আইন অনুযায়ী সাজা ভোগ করতে হবে। ভারতের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেওয়া হয়, তবে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে যে সব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শামা ওবায়েদ বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানেও দলটি একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনরায় নিশ্চিত করেন যে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির পক্ষ থেকে দুটি শর্তের আভাস দেওয়া হয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে, কারণ তিনি বাংলাদেশের সামরিক এয়ারক্র্যাফটে ভারতে গিয়েছিলেন। দ্বিতীয় শর্ত হিসেবে প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএ কথা জানান তিনি। SHARES জাতীয় বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়প্রত্যাবর্তনবাংলাদেশ ভারত সম্পর্কশামা ওবায়েদশেখ হাসিনা