২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা পাঁচ অস্ত্রধারী জাফর আহমেদের বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০টি গুলি ছোড়েন। ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আহমেদের অভিযোগ, প্রায় ১০ মাস আগে মো. রায়হান নামের এক সন্ত্রাসী তাঁর কাছে ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। জাফর আহমেদ তখন চিকিৎসার জন্য ভারতে থাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানান। ৭৪ বছর বয়সী ব্যবসায়ী জাফর আহমেদ ৪০ বছর প্রবাস জীবন কাটিয়ে এখন জায়গা কেনাবেচার ব্যবসা করছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, গত বুধবার রায়হান পুনরায় ফোন করে হুমকি দিয়ে বলেছিল, ‘টাকা রেডি হয়েছে। টাকা দিবা, নাকি মরবা?’ এর আগেও রায়হান কয়েকবার ফোন করে চাঁদা দাবি করেছে। হামলার রাতে তাঁরা পরপর ৭ থেকে ১০টি গুলি ছোড়েন। ঘটনাস্থলে দেখা যায়, জাফর আহমেদের মালিকানাধীন ভবনের দোতলার জানালার কাচ গুলিতে ভেঙে গেছে। সৌভাগ্যবশত যে কক্ষে গুলি লেগেছে, সেখানে তখন পরিবারের কেউ ছিলেন না। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বের হলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। জাফর আহমেদের অভিযোগ, গুলির প্রায় ১০ মিনিট পর রায়হান পুনরায় ফোন করে হুমকি দিয়ে বলে, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’ এমনকি কাফনের কাপড় তৈরি করে রাখার হুমকিও দেওয়া হয় তাঁকে। ঘটনাস্থল পরিদর্শনকারী বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের তথ্যমতে, সন্ত্রাসী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। সে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। গত ১৮ ফেব্রুয়ারি র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনে বলে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান গোপন রাখতে সক্ষম হচ্ছে। স্থানীয়রা জানান, গুলির ঘটনায় ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত ৯ নভেম্বর মুরাদপুর এলাকায় ইমতিয়াজ সুলতান নামের এক যুবককে গুলি করার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বড় সাজ্জাদের আরেক সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত বছরের ১৬ মার্চ ঢাকা থেকে পুলিশকে ধরিয়ে দেওয়ায় ইমতিয়াজকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রুমা আক্তার। SHARES জাতীয় বিষয়: অপরাধচট্টগ্রামচাঁদাবাজিবায়েজিদ বোস্তামীব্যবসায়ী