দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ১৫৯৮

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে ৫০২ জনে পৌঁছেছে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন এবং বরিশাল বিভাগে ১৮৫ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।