পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়ে জবাব না পেলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। দলীয় প্রধান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে প্রাত্যহিক জীবন পরিচালনায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে এবং সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, কিছু কিছু জায়গায় যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দেওয়া বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। তিনি অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবো এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দল অনড় থাকবে বলেও তিনি জানান। SHARES রাজনীতি বিষয়: জামায়াতে ইসলামীজুলাই বিপ্লবডা. শফিকুর রহমানবাংলাদেশরাজনীতি