নারীদের জন্য সরাসরি ভোটে ১০০ আসন চান স্পিকার হাফিজ প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ জাতীয় সংসদে নারীদের জন্য বিদ্যমান সংরক্ষিত আসনের প্রথা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। তিনি মত প্রকাশ করেছেন যে, নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি ভোটে অন্তত ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকা উচিত। শুক্রবার (১৩ নভেম্বর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে স্পিকার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন নারী শিক্ষার প্রকৃত অগ্রদূত। তিনি অতীতে মেয়েদের এসএসসির পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার ঐতিহাসিক সুযোগ তৈরি করেছিলেন। নারী সমাজকে আরও শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে মেয়েদের স্নাতক (বিএ) পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি। ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্যালয়টি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিদ্যালয়টির এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবের সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। এছাড়া বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। SHARES রাজনীতি বিষয়: নারী আসনবরিশালরাজনীতিসংসদহাফিজ উদ্দিন আহমেদ