পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরির দর–কষাকষি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মনে করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রস্তাবনা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তিনটি স্তরে মজুরির হিসাব দেখানো হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে বজায় রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে, যা শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াবে না, কেবল ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখবে। দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকতে প্রতি আয়কারীর অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। তৃতীয়ত, মৌলিক চাহিদা পূরণ ও সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য একজন কর্মীর ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের প্রেক্ষাপটে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা দরকার। তিনি জানান, ২০২৩ সালের নভেম্বরে মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের পর ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামে। এরপর গঠিত মজুরি বোর্ডে শ্রমিক পক্ষ থেকে ৩২ হাজার টাকা প্রস্তাব করা হলেও মালিকপক্ষ এখনো তাদের সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। মালিকপক্ষ উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে মজুরি বৃদ্ধির সীমাবদ্ধতার কথা জানিয়েছে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা খাদ্য ও বাসস্থানের আকাশচুম্বী খরচ মেটানোর দাবি তুলেছেন। পোশাক খাতে দীর্ঘমেয়াদী শান্তি ও সক্ষমতা বজায় রাখতে সিপিডি কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে, কোনো ধরনের আবেগ বা চাপভিত্তিক দরকষাকষির বদলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত ও পরিবারের প্রকৃত আকার বিবেচনা করে মজুরি নির্ধারণ করা এবং অসন্তোষ এড়াতে মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে বোর্ড গঠন করা। এছাড়া ২০২৯ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য প্রধান বাজারে টিকে থাকতে শোভন কাজ এবং ‘লিভিং ওয়েজ’ নিশ্চিত করা সময়ের দাবি বলে সিপিডি মনে করে। SHARES অর্থনীতি বিষয়: তৈরি পোশাকন্যূনতম মজুরিপোশাকশিল্পশ্রমিক অসন্তোষসিপিডি