দেশের ইন্টারনেট ব্যবস্থা নিয়ে ছড়িয়ে পড়া উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে দেশের ডিজিটাল অবকাঠামো অত্যন্ত শক্তিশালী ও নিরাপদ অবস্থানে রয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রচারিত ‘ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা; সাবমেরিন ক্যাবল নিয়ে বাড়ছে উদ্বেগ’ শীর্ষক ভিডিও প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলো বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত থাকায় ইন্টারনেট সংযোগে নিরবচ্ছিন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।