বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে গত ১১ মে ২০২৬ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অভ্যন্তরীণ নৌরুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য পরিবহনে নিয়োজিত কোস্টার, লাইটার ও ট্যাংকারের নিরাপদ চলাচলের স্বার্থে বহিঃনোঙ্গরসহ কর্ণফুলি চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ২০ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে কর্ণফুলি নদীতে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯টি অননুমোদিত বাল্কহেড জব্দ করা হয়।
পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্কহেড মালিকদের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে বাল্কহেড ও সংশ্লিষ্ট ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।