সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর চিন্ময় দাসের জামিন আবেদন বিষয়ে রুল জারি করা হয়। পরে গত বৃহস্পতিবার রুলের শুনানি শেষে ১০ মে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন আদালত। তবে নির্ধারিত দিনে একটি মামলায় জামিন আবেদন খারিজ করে বাকি চার মামলার রায়ের জন্য নতুন দিন নির্ধারণ করা হয়।
আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন লাভের পর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের পর চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভ ও হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।