চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই রেস্তোরাঁকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা না রাখা এবং বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (১৩ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
অভিযানে দেখা যায়, অলংকার মোড়ের কুটুম্ববাড়ি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের তথ্য ও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাদিয়াস কিচেন-এ রান্না করা ভাত, মাংস ও অন্যান্য বাসি খাবার দীর্ঘসময় ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির প্রমাণ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য পরিবেশনে অনিয়ম কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।