পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে বন্দর থানার একটি টিম নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে ওয়াহিদুল আলমকে আটক করা হয়। আটক যুবক নিমতলা এলাকার হারুন সওদাগরের ছেলে।
বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশের কাছে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্র দাবি করেছে, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।