তিস্তায় হু হু করে বাড়ছে পানি, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

প্রকাশিত: 11:06 AM, July 22, 2026

উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। আজ বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলগুলোতে ইতিমধ্যেই পানি প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার। এই পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা আছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি প্রয়োজনীয় জলকপাট (স্লুইস গেট) খুলে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

পানি বাড়ার কারণে লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদীতমারী ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। আদীতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বাসিন্দা শামসুল হক জানান, তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলোতে পানি ঢুকছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে দ্রুতই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, মূলত উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণেই তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়। বুধবার সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির কারণে বর্তমানে পানির উচ্চতা ওঠানামা করছে বলেও জানান এই কর্মকর্তা।