বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

প্রকাশিত: 5:15 PM, July 22, 2026

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার মানুষের পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশসহ প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কীভাবে দ্রুত সহায়তা ও পুনর্বাসন করা যায়, তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি তুলে ধরা হবে বলে তিনি জানান।

বুধবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির এই সভায় সভাপতিত্ব করেন তিনি। এ সময় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন প্রশাসক।

সভায় নির্ধারিত সময়ের কিছুটা পরে কাজ শুরু হওয়ায় ভবিষ্যতে সময়ানুবর্তিতার ওপর বিশেষ জোর দেন মাহবুবের রহমান শামীম। কর্মকর্তাদের দূর-দূরান্ত থেকে আসার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়েই সভা শুরু করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জেলা পরিষদের দায়িত্ব সঠিকভাবে পালনে প্রশাসনের সহযোগিতাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করা সম্ভব। এ সময় ইউএনওদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, একজন ইউএনও সততার সাথে কাজ করলে সহজেই জনগণের আস্থা অর্জন করতে পারেন। স্থানীয় সমস্যা সমাধান, দুর্যোগ মোকাবিলা ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তাদের ভূমিকাই সবচেয়ে বেশি। স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে উন্নয়নের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেলা পরিষদ প্রশাসক বলেন, দুর্নীতির প্রশ্নে আমার অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই, কারণ অন্যায় বা অনিয়ম কখনোই চাপা থাকে না। সবাইকে স্বচ্ছতার সাথে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি কর্মকর্তাদের বলেন, জেলা পরিষদকে একটি সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সভায় উত্থাপিত সমস্যা ও সুপারিশগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এস.এম খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আনিছ উদ্দিনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার ও সমাজসেবা dপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।