পোশাক শিল্পের বাধা দূর করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রকাশিত: 9:00 PM, July 22, 2026 দেশের পোশাক শিল্পের বিকাশের পথে থাকা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা এই সমস্যাগুলোর সমাধানে বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তাবনাও উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএ’র অন্যান্য নেতারা। বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী জানান, সরকার এই সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হওয়ায় সব কিছু সমাধান করতে কিছুটা সময় লাগবে। তবে যে সমস্যাগুলো এখনই সমাধান করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জনগণের সমস্যা এবং ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে পোশাক শিল্পের বিকাশে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। এ লক্ষ্যেই সরকার এই শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে এবং ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। বৈঠক শেষে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। SHARES জাতীয় বিষয়: অর্থনীতিতারেক-রহমানপোশাক শিল্পবাংলাদেশবিজিএমইএ