প্রধানমন্ত্রীর দপ্তরে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: 7:30 PM, July 22, 2026 বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে এটিকে শক্তিশালী করার ক্ষেত্রে বিদায়ী নৌপ্রধানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে, দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌপ্রধান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আগামী ২৩ জুলাই তিনি নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। SHARES জাতীয় বিষয়: এম নাজমুল হাসানতারেক-রহমাননৌবাহিনীপ্রধানমন্ত্রীবাংলাদেশ নৌবাহিনী