২০২৭ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ প্রকাশিত: 4:30 PM, July 23, 2026 ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বাংলাদেশ ক্রিকেট দল আগামী বছর ইংল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচ খেলবে। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে। এটি বাংলাদেশের জন্য দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের বিরতির পর লর্ডসে ফেরার উপলক্ষ। ২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে গিয়ে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। মাঝে ইংল্যান্ড দল বাংলাদেশে এসে সিরিজ খেললেও, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় ছিল। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরপর এক বছরের ব্যবধানে নাজমুল হোসেনরা ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পাবেন। উল্লেখ্য, দুই দেশের মধ্যকার এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচের মধ্যে মিরপুরে খেলা একটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, আর ২০১৭ সালের বাংলাদেশ সফরে চট্টগ্রামে জয় পেয়েছিল ইংল্যান্ড। টেস্টের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। ইসিবি জানিয়েছে, নারী দল সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উস্টারে। এছাড়া ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর হোভে, ২১ সেপ্টেম্বর কেন্টাবেরিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে। SHARES ক্রিকেট বিষয়: ইংল্যান্ড সফরইসিবিটেস্ট ক্রিকেটবাংলাদেশ-ক্রিকেটলর্ডস