শিক্ষার্থীদের ভাবনায় জুলাই অভ্যুত্থান: অধিকার ও ন্যায়বিচারের নতুন স্বপ্ন

প্রকাশিত: 2:00 PM, July 23, 2026

জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান ছিল মূলত অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবাদ। রাজপথে উচ্চারিত প্রতিটি স্লোগান ছিল অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এক একটি অঙ্গীকার। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী উম্মে জোবায়দা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে তার উপলব্ধি ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

জুলাই গণঅভ্যুত্থান এমন এক ইতিহাস, যেখানে সাহস ও প্রতিবাদের ভাষা মিলে অধিকার আদায়ের এক অনন্য রক্তাক্ত অধ্যায় রচনা করেছে। শহরের দেয়ালে ঝুলে থাকা ছেঁড়া পোস্টার, কালো কালির শিরোনামে বুক কেঁপে ওঠা ভোরের কাগজ কিংবা রেডিওর ভাঙা শব্দে উচ্চারিত সেইসব নামে যাদের বাড়িতে আর কোনোদিন সন্ধ্যার প্রদীপ জ্বলে উঠবে না—তাদের প্রতিটি শহীদের নাম যেন এক একটি অসমাপ্ত গল্প এবং পরিবারের নিভে যাওয়া স্বপ্ন। একই সঙ্গে এটি একটি জাতির জেগে ওঠার ইতিহাস। বৈষম্য, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে মানুষের সম্মিলিত কণ্ঠ রাজপথে ধ্বনিত হয়েছিল।

জুলাই আমাদের শিখিয়েছে যে অধিকার কখনো করুণা বা দয়ায় অর্জিত হয় না; এটি অর্জন করতে হয় সাহস, ঐক্য, আত্মত্যাগ এবং অটল প্রত্যয়ের মাধ্যমে। জুলাইয়ের এই চেতনা শিক্ষার্থীদের মনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন জাগায়, যেখানে আইনের শাসন হবে অটুট এবং মতপ্রকাশের স্বাধীনতা থাকবে সুরক্ষিত। তারা এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে যেখানে জবাবদিহিতা নিশ্চিত থাকবে এবং প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে।

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৩: ৪৬আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩: ৪৮