ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

প্রকাশিত: 5:31 PM, July 23, 2026

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিয়েছি।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবেচনায় রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ব্রিফিংয়ে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। ঢাকা আশা করে যে, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের জনগণের সমস্যা সমাধানে যথাযথ ভূমিকা পালন করবে।

এছাড়া আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সম্ভাব্য ঢাকা সফরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে সরকার প্রত্যাশা করছে।

পাসপোর্টের মান নিয়ে ওঠা প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্ট করেন যে, বাংলাদেশের পাসপোর্টের মান কমেনি। তিনি জানান, বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া অবৈধ অভিবাসন ও জাল কাগজপত্র ব্যবহারের মতো বিষয়গুলো নিরসনেও সরকার সচেষ্ট রয়েছে। প্রেসিডেন্টকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন এবং কোনো তথ্য সত্য প্রমাণিত হলে তদন্তের আশ্বাস দেন।