জামালপুরের মেলান্দহে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার প্রকাশিত: 7:02 PM, July 24, 2026 জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। নিহত শহিদুল ইসলাম পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের সোলাইমান শেখের ছেলে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকায় অবস্থিত হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসার সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার ৭ বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য স্থানীয় হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় সকালের খাবার নিয়ে যান। খাবার পৌঁছে দিয়ে মাদ্রাসার পেছনের পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করলেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেননি। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের আগে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ঘটনার পর তারা এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্র পুলিশের কাছে উপস্থাপন করেছেন। প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৮: ৫৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮: ৫৯ SHARES জাতীয় বিষয়: জামালপুরনিখোঁজমাদরাসামেলান্দহলাশ উদ্ধার