পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রকাশিত: 6:01 PM, July 24, 2026 রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে তিনি নিজেই গণমাধ্যমের কাছে এই বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’ পদত্যাগপত্রে স্বাক্ষর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’ রাষ্ট্রপতির পদত্যাগের এই আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। তিনি চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছিলেন এবং সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বঙ্গভবনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি দুদিন আগেই তাকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি বলেছেন, ‘ওরা আমাকে চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।’ তবে ‘ওরা’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি যিনি তার মেয়াদের মধ্যে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। SHARES জাতীয় বিষয়: পদত্যাগবাংলাদেশমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতিস্পিকারহাফিজ উদ্দিন আহমদ