১২ গুরুত্বপূর্ণ পদে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশিত: 3:01 PM, July 24, 2026

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ দেশের ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সামসুল আলম। এছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছে সালাহউদ্দিন সরকারকে।

একই পদমর্যাদায় নিয়োগ পাওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন—বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মামুন হাসান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে তা অবশ্যই ছিন্ন করতে হবে।