২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন প্রকাশিত: 9:08 AM, July 27, 2026 ২০২৭ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি নির্ধারণ করেছে। নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী হজযাত্রীদের অবশ্যই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধনের পূর্বশর্ত হিসেবে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাক-নিবন্ধনের পর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে, যার তথ্য হজ পোর্টালের সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে। SHARES ইসলাম বিষয়: ধর্ম মন্ত্রণালয়সৌদি-আরবহজহজ নিবন্ধনহজ ২০২৭