সেউতা সীমান্ত পরিস্থিতি নিয়ে ইইউ’র জরুরি বৈঠকের ডাক স্পেনের

প্রকাশিত: 8:31 PM, August 1, 2026

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা ও মতপার্থক্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইইউ’র স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি অভিযোগ করেছেন যে, সেউতার সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে কয়েকটি সদস্যদেশের প্রতিক্রিয়া ছিল ‘স্বার্থপর, বিভাজনমূলক এবং আইনবিরোধী’।

গত বৃহস্পতিবার ও শুক্রবার মরক্কো সীমান্ত দিয়ে ৫০ হাজারের বেশি মানুষ সেউতায় প্রবেশ করেন। এই অনুপ্রবেশের সময় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাগরে ডুবে মারা গেছেন, আবার অনেকে ঢেউ প্রতিরোধক বাঁধ বা ব্রেকওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে শুক্রবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, অনুপ্রবেশকারী ৪৮ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনিয়মিতভাবে সেউতায় প্রবেশ করা প্রায় সব অভিবাসীকে ইতোমধ্যে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ইউরোপের মূল ভূখণ্ডে তাদের অননুমোদিত যাত্রা ঠেকানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনা স্পেন সরকারের জন্য একটি রাজনৈতিক সংকট তৈরি করেছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ইতালি ঘোষণা দেয় যে, তারা স্পেনের সঙ্গে শেনজেন মুক্ত চলাচল ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি অভিযোগ করেন, অতীতে স্পেন সরকারের নেওয়া একটি কর্মসূচি, যার মাধ্যমে ১০ লাখের বেশি অনথিভুক্ত অভিবাসীকে বৈধতা দেওয়া হয়েছিল, তা মানবপাচারকে উৎসাহিত করেছে এবং এটি ছিল ‘মৌলিকভাবে ভুল সিদ্ধান্ত’। এর তীব্র প্রতিবাদ জানিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ইতালির মন্ত্রীর এই মন্তব্য দায়িত্বশীল নেতার জন্য শোভন নয় এবং তিনি ইতালির বিরুদ্ধে দলীয় স্বার্থে জনমত উসকে দেওয়ার অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রী সানচেজ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পক্ষপাত, ভুয়া তথ্য কিংবা রাজনৈতিক স্বার্থ থেকে পরিচালিত মনোভাব ইউরোপীয় আইন ও পারস্পরিক সংহতির নীতির পরিপন্থী। ফ্রন্টেক্সের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তগুলোর মধ্যে স্পেনের সীমান্ত অন্যতম নিরাপদ এবং ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ইতালির তুলনায় স্পেনে অনিয়মিত প্রবেশের হার প্রায় অর্ধেক।