নীলফামারীতে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশিত: 8:02 PM, August 1, 2026

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শনিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা আক্তারসহ অন্যান্যরা।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধ পান করানো উচিত এবং এ সময় এক ফোঁটা পানিও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বিভিন্ন জটিল রোগ থেকে সুরক্ষা দেয়, পাশাপাশি এটি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেত জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার দ্বিতীয় দিনে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সিলিং ক্যাম্প এবং কর্মজীবী মায়েদের দুধ সংরক্ষণ ও খাওয়ানোর পদ্ধতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় দিন সোমবার মা ও শিশুর পুষ্টি বিষয়ক স্ক্রিনিং ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চতুর্থ দিন মঙ্গলবার স্কুল ও কলেজ ভিত্তিক সচেতনতা কার্যক্রম, পঞ্চম দিন বুধবার পরিবার ভিত্তিক সহায়তা সভা ও ধর্মীয় উপাসনালয়ে সচেতনতা কার্যক্রম এবং ষষ্ঠ দিন বৃহস্পতিবার মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বাজার মনিটরিং বিষয়ক কর্মসূচি পালিত হবে। সর্বশেষ সপ্তম দিন শুক্রবার বছরব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহটি শেষ হবে।