৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রকাশিত: 7:34 PM, August 1, 2026

দীর্ঘ আলোচনা ও নানা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাকস্বাধীনতা হরণ ও দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত বিজয়ের পর গণভবন জনতার দখলে চলে যায়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধরে রাখার অংশ হিসেবেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়।

জাদুঘরটি সাজানোর বিষয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা মানুষের সামনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো শাসক যদি স্বৈরাচারী পথে হাঁটতে চান, তবে এই জাদুঘর তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। এটি এই বার্তাই দেবে যে, জনগণই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন অনিবার্য।

জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, আন্দোলনের ব্যানার ও প্ল্যাকার্ডসহ নানা গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন নিদর্শনও এখানে স্থান পেয়েছে।

উল্লেখ্য, এর আগে কয়েক দফা চেষ্টা সত্ত্বেও জাদুঘরটি চালু করা সম্ভব হয়নি। এছাড়া নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সরকার সেই সব অনিশ্চয়তা কাটিয়ে ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।