জবিতে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রকাশিত: 3:00 PM, August 5, 2026 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হাসপাতালে আহতদের দেখে জামায়াত আমির বলেন, ক্যাম্পাসের ভেতরের কেউ এই হামলা করেনি। তারা বাইরে থেকে লোক এনে হাসপাতালে গিয়েও হামলা চালিয়েছে। এমনকি হাসপাতালে আত্মীয়রা রোগীদের দেখতে গেলে তাদের ওপরও হামলা করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, তারা কোন জগতের বা কি ধরণের মানুষ? তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাসের কোনো দল নেই। যে বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অপরাধীদের আইনের মুখোমুখি করা না যায়, তবে জনগণ ধরে নিবে এই হামলার পেছনে আপনাদের মদদ রয়েছে। এছাড়া তিনি আলিফের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, তার চোখ কেড়ে নেওয়ার পর উল্টো তার বন্ধুদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে, এমনটা আমরা দেখতে চাই না। জনগণকে বোকা না ভাবার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুত না থাকার ইস্যু ঢাকতে যদি ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে রাখা হয়, তবে সেটি ভুল কৌশল। এ সময় তার সঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবির সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: ছাত্রদলজগন্নাথ বিশ্ববিদ্যালয়জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমানহামলা