আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ আগামী সপ্তাহের মধ্যে তেহরান আলোচনার টেবিলে না ফিরলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনার বাইরে থাকলে দেশটির জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে। ট্রাম্প বলেন, আগামী সপ্তাহটি ইরানের জন্য অত্যন্ত খারাপ হতে চলেছে। তিনি দাবি করেন, গত মঙ্গলবার মার্কিন আলোচকরা ইরানকে বার্তা দিয়েছেন যে, তারা যেন দ্রুত চুক্তিতে আসে, অন্যথায় কিছুই অবশিষ্ট থাকবে না। এর আগেও চলতি বছরের এপ্রিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক সতর্ক করে বলেছিলেন, ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ীও বেসামরিক জনগণের অপরিহার্য স্থাপনায় হামলা নিষিদ্ধ। হরমুজ প্রণালি নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প জানিয়েছেন, তিনি কার্গো পরিবহনের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা বাতিল করেছেন। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির পরিকল্পনা করছেন তিনি। ওয়াশিংটনে ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এই নৌপথ রক্ষার দায়িত্ব কেবল যুক্তরাষ্ট্রের একার হওয়া উচিত নয়। তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা ও উত্তজনা অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে হামলা শুরু হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের অভিযোগ, ইরান ইচ্ছাকৃতভাবে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে এবং এ পর্যন্ত সাতটি জাহাজে হামলায় প্রায় ১২ জন নাবিক নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, সোমবার রাতে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে একজন ভারতীয় নাবিক নিহত ও আটজন আহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, ট্যাংকারগুলো সতর্কবার্তা উপেক্ষা করে মাইন পাতা নিষিদ্ধ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এছাড়া বুধবার কুয়েত সেনাবাহিনী ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে এবং বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। তেহরান এর আগে বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্য সংকটযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি