দায়িত্ব নেওয়ার এক বছর পরই পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। গত মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও পাস করেছে। বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই ছিল কঠিন সিদ্ধান্ত ও জোরালো পদক্ষেপের চ্যালেঞ্জে ভরা। তিনি তাকে দেওয়া সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে তিনি সবসময় ফলাফলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই পদত্যাগের ফলে বর্তমান পুরো সরকারের পদত্যাগ নিশ্চিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কির নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সিভিরিদেঙ্কোর পূর্বসূরি ডেনিস শমিহাল এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের নামও রয়েছে। সিভিরিদেঙ্কো তার ভাষণে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে শীতকালের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তার আশঙ্কা, শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস লাইনের ওপর রাশিয়ার হামলার তীব্রতা বহুগুণ বেড়ে যেতে পারে। ইউক্রেন বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত রয়েছে এবং সরকার প্রধানের মূল দায়িত্বের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ অর্থনীতি সচল রাখা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামত করা। উল্লেখ্য যে, শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এক বছর আগে সিভিরিদেঙ্কোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে দুর্নীতি দূর বা প্রশাসনে শুদ্ধি অভিযান পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা অভিযোগ করে আসছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি জানান যে, ইউক্রেন তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এ জন্য নতুন মুখের প্রয়োজন, যদিও মন্ত্রিসভার রদবদলের বিষয়ে এর বাইরে বিস্তারিত কোনো কারণ তিনি স্পষ্ট করেননি। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউক্রেনইউক্রেন সরকারইউলিয়া সিভিরিদেঙ্কোপদত্যাগভলোদিমির জেলেনস্কি