মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মতো অস্থির পরিস্থিতির মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মূলত যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বেড়ে যাওয়ার খবর এই দরপতনের পেছনে মূল ভূমিকা পালন করেছে। তবে সরবরাহ সংকটের আশঙ্কা থাকায় তেলের দামে বড় ধরনের পতন ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমে ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫ ডলার ৪৫ সেন্টে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) পরিসংখ্যান অনুযায়ী, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পেট্রোলের মজুত ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত ৩ লাখ ৫১ হাজার ব্যারেল বেড়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ জিইয়ে রেখেছে। মঙ্গলবার ইরানি ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থায় হামলা চালায়, যার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, তারা ইরানের আকাশপথের হামলা প্রতিহত করেছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এদিকে ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে পাঁচটি ড্রোন হামলার দাবি করেছে। হরমুজ প্রণালি এড়িয়ে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানির জন্য সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে থাকে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজির মতে, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সব মিলিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তেলের দামকে এখনো চড়া অবস্থানে ধরে রেখেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: জ্বালানি তেলতেলের-দামবিশ্ববাজারমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র