বরিশালের উন্নয়নে বঞ্চনা ও সরকারের দ্বিমুখী নীতি নিয়ে ক্ষোভ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বরিশালের উন্নয়নের বঞ্চনা এবং সরকারের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বরিশালকে বঞ্চিত করে কোনো সুষম উন্নয়ন সম্ভব নয়। সময় থাকতে সংশোধন হয়ে যান, অন্যথায় জনতার উত্তাল রোষে সব পুড়ে ছাই হয়ে যাবে।

বরিশালের নাজুক যোগাযোগ ব্যবস্থার দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রাস্তা চমৎকার হলেও বরিশালের প্রবেশপথ যেন বঙ্গোপসাগরের ঢেউ। মাত্র দুই লেনের সরু রাস্তায় বিভাগীয় শহরের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, বরিশালবাসীর প্রাণের দাবি ৬ লেনের মহাসড়ক কেন বাস্তবায়ন হচ্ছে না এবং সরকার ও স্থানীয় সংসদ সদস্যরা কেন এ নিয়ে জোরালো ভূমিকা রাখছেন না।

ভোলা-বরিশাল ব্রিজের দাবি এখনো একনেকে অনুমোদিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করে জামায়াত আমীর বলেন, বরিশালবাসী রেললাইনের কেবল গল্পই শুনেছে, বাস্তবে দেখেনি। তিনি জোর দিয়ে বলেন, এখানে রেললাইন দিতেই হবে এবং এই বঞ্চনার বিরুদ্ধে তারা প্রতিটি পদক্ষেপে আওয়াজ তুলবেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ অতীতের পচা রাজনীতি থেকে মুক্তি চেয়েছে। সরকার গণভোটের রায় পালনের প্রতিশ্রুতি দিলেও এখন সংস্কারের কথা অস্বীকার করছে। সংসদের ভেতরে সংবিধান সংশোধন কমিটি গঠনের নামে প্রহসন চলছে, যা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ৭১ আমাদের গৌরবের ইতিহাস, আর ২৪ আমাদের সাহসের প্রতীক। তিনি বলেন, ২৪ এর মর্যাদা ঢাকতে কেন ৭১ কে সামনে আনা হচ্ছে? ৭১ তার নিজস্ব মর্যাদায় থাকবে, আর ২৪ থাকবে তার বীরত্বে। এই ২৪ এর বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, কোনো অবহেলা সহ্য করা হবে না।

সরকারকে গণতন্ত্রের শত্রু বলতে না চাইলেও তিনি বলেন, বৈষম্য দূর করার লক্ষ্যে জুলাই হয়েছে, কিন্তু সরকার নতুন নতুন ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। ফ্যামিলি কার্ডে আড়াই হাজার টাকা দিয়ে ৫ হাজার টাকার দাম বৃদ্ধি সামলানো অসম্ভব। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা রাজপথে থাকতে চান না, বরং দেশ গড়তে চান। কিন্তু সরকার তাদের রাজপথের দিকে ঠেলে দিচ্ছে। রাজপথ যদি জ্বলে ওঠে, তবে অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যাবে। নতুন প্রজন্মের আর পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রজন্ম পরীক্ষিত, বিজয়ী ও বীর। ফ্যাসিবাদের কাছে মানুষ মাথা নত করেনি, এই প্রজন্মের কাছেও কেউ মাথা নত করাবে না।